গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১১ এপ্রিল) সকালে মহানগরের শিববাড়ী মোড় ৩৬ জুলাই চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, আজারুল ইসলাম মোল্লা, এডভোকেট আলী নাসের খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি। তারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বক্তারা আরও দাবি করেন, সরকারের বর্তমান সাংবিধানিক সংশোধনী কার্যক্রম জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি কেবল লোকদেখানো উদ্যোগ। তারা রাষ্ট্রের বিভিন্ন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, বিচার বিভাগের স্বাধীনতা হ্রাস এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সমাবেশ থেকে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।