গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে মোঃ সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, ২৬ এপ্রিল দুপুরে আরিফ মাদবরসহ কয়েকজন তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং মোবাইল ফোন ও নগদ ৭,৩০০ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে টঙ্গী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।