ঈদের আনন্দযাত্রা মুহূর্তেই শোকে পরিণত
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৭, আহত অন্তত ৯
নিজস্ব প্রতিবেদক//
টাঙ্গাইল সোমবার, ২৫ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রার মধ্যেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যমুনা সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পর্যাপ্ত যানবাহনের সংকট থাকায় ঈদে বাড়ি ফেরা কয়েকজন যাত্রী চালকের সঙ্গে কথা বলে ট্রাকে ওঠেন। ভোরে ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। ট্রাকে থাকা ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি কিংবা চালকের অসতর্কতার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, প্রতি ঈদের সময় ঝুঁকি নিয়ে অনেক শ্রমজীবী মানুষ মালবাহী যানবাহনে যাতায়াত করেন। নিরাপদ পরিবহন সংকটের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটলেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। ঈদের আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে অসংখ্য পরিবারের আজীবনের বেদনায়।