সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম
কামাল খান | ২১ এপ্রিল ২০২৬
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযোগ অনুযায়ী, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তাকে গুরুতর আহত করে বলে মানববন্ধনে দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও এনবিপি নিউজের নিউজ এডিটর মোঃ জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ রাজু আহমেদ, ঢাকা প্রেসক্লাবের সভাপতি লায়ন শাহাদাত হোসেন শাহীন, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সহ-সভাপতি আফসানা রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম আকন, সদস্য মোঃ রবিউল ইসলাম, মোশাররফ হোসেন রাজু, আবু তালেব, নিপা আক্তারসহ আরও অনেকে।
এছাড়াও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান এবং কেন্দ্রীয় সদস্য মামুন আহমদ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বারবার ঘটতে থাকলে তা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত দেশের সব সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন অব্যাহত রাখা হবে।