সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’
হানিফ পাঠানঃ
সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে আলোচনা সভা, সংগঠনের পরিচিতি সভা ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২১ আগস্ট) বিকেলে পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলোর পথে যুব ফাউন্ডেশন এর উপদেষ্টা আলহাজ্ব বছির আহমেদ বাবু। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা শিমু আক্তার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ শামসুজ্জামান সম্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ রনি দেওয়ান, মিস্টার পেনিয়েল রাব্বি মুন্সি টিংকু, মোঃ আব্দুল হান্নান সোহাগ, মোঃ হেলাল শাওন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রানা চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হাজী শিহাফুল ইসলাম রিপন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মোঃ জুলফিকার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মানিক খাঁ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলোর পথে যুব ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুউদ্দিন মীর
প্রধান অতিথি আলহাজ্ব বছির আহমেদ বলেন, ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানুষের কল্যাণে কাজ করার একটি অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করা হবে।
তিনি বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
উদ্বোধকের বক্তব্য
অনুষ্ঠানের উদ্বোধক শিমু আক্তার বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়দের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানবসেবা। ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি বলেন, ভবিষ্যতেও সংগঠনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
প্রধান আলোচকের বক্তব্য
প্রধান আলোচক মোঃ শামসুজ্জামান সম্রাট বলেন, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। শুধু নিজের জন্য নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যও কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা ও পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠানে উপস্থিত সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত মানুষগুলো সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ শুধু একটি সংগঠনের কার্যক্রম নয়; এটি সমাজের অন্যান্য ব্যক্তি ও সংগঠনকে মানবসেবায় উৎসাহিত করবে।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শহিদুল ইসলাম, হাসান, মোঃ হোসাইন, নাবিউর, সাদ্দাম, নাজমা বেগম ও পারভিন প্রমূখ।
এ সময় ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।