টঙ্গীর খাপারা মোল্লাবাড়ি রোডে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে অটো গ্যারেজের বিস্তার: জনভোগান্তি চরমে
ডেসকো মিটার ব্যবহার করে প্রতিদিন হাজারো অটো রিকশা চার্জ—কর্তৃপক্ষের নজরদারি প্রশ্নবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর খাপারা মোল্লাবাড়ি রোড ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে অসংখ্য অটো রিকশার বড় বড় গ্যারেজ ও চার্জিং কারখানা। অভিযোগ উঠেছে, এসব গ্যারেজে আবাসিক বিদ্যুৎ সংযোগে ডেসকো মিটার ব্যবহার করে বাণিজ্যিকভাবে অটো রিকশা চার্জ দেওয়া হচ্ছে, যা বিদ্যুৎ আইনের স্পষ্ট লঙ্ঘন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন শত শত নয়, বরং হাজারো ব্যাটারিচালিত অটো রিকশা এসব গ্যারেজে চার্জ দেওয়া হয়। এতে একদিকে যেমন বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে লোডশেডিং ও ভোল্টেজ সমস্যায় ভুগছে সাধারণ গ্রাহকরা।
এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন এই অবৈধ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নেই কোনো কার্যকর পদক্ষেপ। অনেকেই অভিযোগ করেন, প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় এসব গ্যারেজ পরিচালিত হওয়ায় প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে।
একাধিক বাসিন্দা জানান, “আমাদের বাসায় ঠিকমতো বিদ্যুৎ থাকে না, ভোল্টেজ এত কম থাকে যে ফ্যানও ঠিকভাবে চলে না। অথচ পাশের গ্যারেজে সারাদিন-রাত অটো চার্জ হচ্ছে।”
বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক মিটার ব্যবহার করে এভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা শুধু আইনবিরুদ্ধই নয়, এটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।
এদিকে, সরেজমিনে চিত্র ধারণ করতে মাঠে নেমেছে ইনফো টেলিভিশনের একটি অনুসন্ধানী টিম। ক্যামেরায় উঠে এসেছে গ্যারেজের ভেতরের বাস্তব চিত্র, যেখানে একসঙ্গে ডজনখানেক অটো রিকশা চার্জ দেওয়া হচ্ছে।
এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সন্তোষজনক বক্তব্য পাওয়া যায়নি।
জনমনে প্রশ্ন উঠেছে—
এই অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও জনভোগান্তির দায় নেবে কে? আর কতদিন চলবে এমন অনিয়ম?
ঘটনার বিস্তারিত ও আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে থাকছে ইনফো টেলিভিশনের বিশেষ প্রতিবেদন—“প্রথম পর্ব”।